
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ মহাষষ্ঠী। দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।
প্রচলিত রীতি অনুযায়ী, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় পূজার আনুষ্ঠানিকতা চলবে ছয় দিন ধরে। আগামী শনিবার (১৭ অক্টোবর) ও রোববার (১৮ অক্টোবর) পালিত হবে মহাসপ্তমী। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী এবং কুমারী পূজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী শেষে বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা এবার ঘোটকে বা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় বিদায় নেবেন। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাসে, কৈলাস থেকে দেবী দুর্গা কন্যারূপে মর্ত্যে তাঁর বাপের বাড়িতে আসেন। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন দেবী দুর্গা।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, অসুরের অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলে অসুর শক্তিকে পরাজিত করতে দেবতারা একত্র হন। তাঁদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।
এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে সড়কের ওপর পূজার আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

