কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যতের জন্য তরুণদের দক্ষ করে তুলতে বাস্তবভিত্তিক জ্ঞান ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির মতে, ভবিষ্যতে সফলতা শুধু এআই প্রযুক্তির ওপর নির্ভর করবে না, বরং যারা দায়িত্বশীল ও কার্যকরভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, তাদের সক্ষমতার ওপরও নির্ভর করবে।
গ্রামীণফোন জানিয়েছে, নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা তৈরির পাশাপাশি এ ধরনের সক্ষমতা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতেও তারা কাজ করছে। প্রতিষ্ঠানটি মনে করে, ভৌগোলিক অবস্থান যেন তরুণদের সম্ভাবনা ও সুযোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়। প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জন করতে পারলে তরুণরা স্থানীয় ও আন্তর্জাতিক উভয় শ্রমবাজারেই নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।
গ্রামীণফোন একাডেমির মাধ্যমে তরুণদের শুধু শেখার সুযোগ দেওয়াই নয়, অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ, বাস্তব জীবনের সমস্যা সমাধান এবং কার্যকর উদ্যোগ নেওয়ার সক্ষমতা তৈরিও লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই লক্ষ্য বাস্তবায়নে এআই বুটক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে গ্রামীণফোন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ধারণাকে বাস্তবভিত্তিক সমাধানে রূপ দেওয়ার পাশাপাশি এআই-নির্ভর পরিবর্তনশীল বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করতে পারবেন।

