এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিততে চায় দল। এই প্রতিযোগিতায় ভালো করতে পারলে পরবর্তী টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন বাংলাদেশের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজের প্রসঙ্গ টানেন মোসাদ্দেক। সেবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্য এবারও দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।
মোসাদ্দেক বলেন, ‘২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয়, আমরা সামনে অনেক আত্মবিশ্বাস পাবো।’
তবে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন এই ক্রিকেটার। তাঁর মতে, আধুনিক ক্রিকেটে দলগুলোর মধ্যে ব্যবধান কমেছে। ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে সব দলই ভালো পারফর্ম করছে।
মোসাদ্দেক বলেন, ‘আধুনিক ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আধুনিক ক্রিকেটে কোনো দেশ বা দলকেই ছোট বলা যাবে না। সাম্প্রতিক সময়ে সবাই ওয়ানডে ফরম্যাটে খুব ভালো করছে।’
ত্রিদেশীয় সিরিজে নিজেদের পারফরম্যান্সের উন্নতিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোসাদ্দেক। তাঁর মতে, এই প্রতিযোগিতায় দল হিসেবে ভালো করতে পারলে এশিয়া কাপ ও বিশ্বকাপে আসা কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে আমরা কতো ভালো করতে পারি। এশিয়া কাপ কিংবা এশিয়া কাপের পরে বিশ্বকাপে যে চ্যালেঞ্জ আসবে, এই সময়গুলোতে দল হিসেবে ভালো করতে পারলে সেগুলো আমাদের জন্য সহজ হবে।’
দলের সাফল্যের জন্য ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার ওপরও জোর দিয়েছেন মোসাদ্দেক। তাঁর মতে, মাঠে দলীয় পারফরম্যান্সের মাধ্যমেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে বাংলাদেশকে।
মোসাদ্দেক বলেন, ‘আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেটা অনেক কিছুই প্রমাণ করে দেবে, আমরা কতোটা ভালো দল। সেই জায়গা থেকে আমাদের সবাইকে মিলে প্রমাণ করতে হবে, দল হিসেবে আমরা কতো ভালো খেলতে পারছি। ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা পুরোপুরি দলীয় খেলা। তাই দল হিসেবে আমরা কতোটা ভালো করতে পারছি, সেটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

