শরীফুল ইসলাম, সাভার
সাভারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, সবজি, মাছ ও মাংসের দাম। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না দাম। এতে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার সকালে সাভারের কলমা, উলাইল, বাইপাইল ও আশুলিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, দেশি শসা ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, টমেটো ১৮০ টাকা এবং করলা ৭০ টাকায়।
মাংসের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাঁদের দাবি, বাজারে সরবরাহ বাড়ানোর পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতির কারণে কিছু পণ্যের দাম অস্থিতিশীল রয়েছে। পাশাপাশি বেশি দামের কারণে পণ্য বিক্রিও কমেছে।
বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তাঁদের দাবি, দ্রুত বাজার তদারকি জোরদার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনার উদ্যোগ নিতে হবে।

