ফয়সল মনসুর, কার্ডিফ
যুক্তরাজ্যের পর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান। ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
আনিসা খানের পৈতৃক বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। প্রবাসে বেড়ে উঠলেও আনিসা নিজের পেশাগত সাফল্যের পাশাপাশি খেলাধুলার জগতেও পরিচিতি অর্জন করেছেন।
ব্যবসা ও টেলিভিশন জগতেও সাফল্য
আনিসা খান লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন কনসালট্যান্ট ও উদ্যোক্তা। যুক্তরাজ্যের ফুড ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা তিনি।
বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হওয়ার মধ্য দিয়ে যুক্তরাজ্যে তাঁর পরিচিতি আরও বিস্তৃত হয়।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে কাবাডিতে পথচলা
ব্যস্ত পেশাগত জীবনের পাশাপাশি কাবাডির প্রতি নিজের আগ্রহ ধরে রেখেছেন আনিসা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি কাবাডি খেলা শুরু করেন। দীর্ঘদিনের অনুশীলন ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
আসন্ন কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে আনিসার। তাঁর এই অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অভিনন্দন
ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনিসা খানকে অভিনন্দন জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতারা। এক যৌথ অভিনন্দন বার্তায় তাঁরা আনিসার সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং তাঁর আগামী দিনের পথচলার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অভিনন্দন বার্তায় সংগঠনটির পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, পৃষ্ঠপোষক ও জ্যেষ্ঠ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, প্রধান সমন্বয়ক আলহাজ মসুদ আহমদ এবং সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমানসহ সংগঠনের নেতারা আনিসাকে শুভেচ্ছা জানান।
এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, কোষাধ্যক্ষ হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটি, ১০টি আঞ্চলিক কমিটি এবং আটটি শাখা কমিটির নেতারা অভিনন্দন বার্তায় অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, আনিসা খানের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের। তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক, এ প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

