মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে কারও নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি।
স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে কারও নাম নিয়ে সন্দেহ হলে শুধু “মোহাম্মদ” বলে ডাকুন। এতে ৬৫ শতাংশ সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। “হ্যালো, মোহাম্মদ!” আমি বছরের পর বছর ধরে এটা করে আসছি, কখনোই ভুল হয়নি।’
ইরান প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট পদ নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। এরপর ‘মোহাম্মদ’ নামের কয়েকজনকে প্রেসিডেন্ট হতে চান কি না, তা জিজ্ঞাসা করার ভান করেন। তবে সমাবেশে তাঁর এই রসিকতায় উপস্থিত জনতার সাড়া ছিল খুবই সামান্য।
‘মোহাম্মদ’ মুসলিম পুরুষদের মধ্যে বহুল প্রচলিত একটি নাম। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাম অনুসারে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম পরিবারে ছেলেদের এ নাম রাখা হয়।
ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মানবাধিকারকর্মী ও মুসলিমদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন গোষ্ঠী অতীতেও সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এ ধরনের মন্তব্য মুসলিম, অভিবাসী ও জাতিগত সংখ্যালঘুদের হেয় করে এবং তাদের পরিচয়কে উপহাসের বিষয় হিসেবে তুলে ধরে।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচারণায় ট্রাম্পের বক্তব্যে সোমালি ও মুসলিম আমেরিকানদের নিয়েও সমালোচনামূলক মন্তব্য উঠে এসেছে। এ প্রসঙ্গে মুসলিম ডেমোক্র্যাট নেতা আব্দুল এল-সায়েদ এবং মিনেসোটার ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমরের নাম আলোচনায় এসেছে।

