অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেন সেনাপ্রধান।
এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তিনি।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশ নেন সেনাবাহিনী প্রধান।
সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন তিনি।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনী কমান্ড (USARPAC)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

