
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও একজন শিশু রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের কারণে প্যান্ডেলের বের হওয়ার পথে পদদলনের ঘটনা ঘটে।
কলকাতা পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার ওই প্যান্ডেলের বের হওয়ার গেটে দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে পুলিশ, দমকল, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অ্যাম্বুলেন্সের চিকিৎসাকর্মীরা অংশ নেন। দুর্ঘটনার পর প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্যান্ডেলের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু। এ ছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ করেছেন তাঁরা। বৃষ্টির মধ্যে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পদদলনের সময় অনেকে জ্ঞান হারান। তাঁদের কেউ কেউ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

