মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম ১০ মাসে ৬৫ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সময়ে ১ লাখ ৪৬ হাজারের বেশি বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫ হাজারের বেশি জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
অব্যাহত অভিযানে আটক ব্যক্তির সংখ্যা বাড়তে থাকায় দেশটির অভিবাসন ডিপোগুলোর ওপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে মালয়েশিয়াজুড়ে এসব ডিপোর মোট ধারণক্ষমতা প্রায় ২০ হাজার জন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২৮৭ দিনে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে ৫১১ জন বিদেশির কাগজপত্র যাচাই এবং ২২৮ জনকে আটক করা হয়েছে।
যেসব কারণে আটক হচ্ছেন বিদেশিরা
লোকমান এফেন্দি জানান, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘন প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে বৈধ ভ্রমণ নথি বা অবস্থানের অনুমতিপত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং পাস বা ওয়ার্ক পারমিটের অপব্যবহারের মতো অপরাধ শনাক্ত হচ্ছে।
আটক ও দেশে ফেরত পাঠানো বিদেশিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক উল্লেখযোগ্য। নির্মাণ ও সেবাসহ বিভিন্ন খাতের কর্মস্থলে এসব অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, কেলান্তান রাজ্যের কুবাং কেরিয়ানে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার বিশেষায়িত হাসপাতালের নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৫৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৫৫ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে।
অবৈধভাবে দেশ ছাড়ার চক্রে ১১ মিয়ানমারের নাগরিক আটক
মালয়েশিয়া থেকে অবৈধ পথে বিদেশি নাগরিকদের বের করে দেওয়ার একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ ঘটনায় মিয়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অন্য ১০ জনকে অবৈধ পথে দেশ থেকে বের করে দেওয়ার কাজে যুক্ত পরিবহনকারী হিসেবে সন্দেহভাজন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, কেলান্তানের ওয়াকাফ চে ইয়ে এলাকার একটি হোটেলে সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৩৪ বছরের মধ্যে। অন্য ১০ জন জোহর বাহরু ও কুয়ালালামপুর থেকে এসে ওয়াকাফ চে ইয়েতে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
লোকমান এফেন্দি বলেন, প্রত্যেকের কাছ থেকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার জন্য প্রায় ৩ হাজার ৫০০ রিঙ্গিত নেওয়ার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি শনাক্ত করে আটক করা হয়। এ ধরনের কর্মকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
২০ হাজার ধারণক্ষমতার ডিপোতে বাড়ছে চাপ
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ফলে দেশটির অভিবাসন ডিপোগুলোর ওপর চাপ বাড়ছে। বর্তমানে দেশজুড়ে এসব ডিপোর মোট ধারণক্ষমতা প্রায় ২০ হাজার জন। ধারাবাহিক অভিযানে আটক ব্যক্তিদের রাখার কারণে বিভিন্ন ডিপোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি নাগরিকদের অবস্থান শনাক্ত করতে অভিবাসন বিভাগ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে এলাকাভিত্তিক বিশেষ মানচিত্র তৈরি করেছে। এর মাধ্যমে বিদেশিরা কোথায় বসবাস করেন, অবস্থান করেন কিংবা একত্র হন, তা চিহ্নিত করা হচ্ছে।
আটক ব্যক্তিদের মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ পাস ব্যবহার এবং অনুমতিপত্রের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। শরণার্থী হিসেবে পরিচিত ব্যক্তিরাও আটক হয়েছেন। তবে প্রত্যেকের আইনগত অবস্থান ও পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাইফুদ্দিন নাসুতিওন আরও বলেন, এসব অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার কারাগারে ৯০ হাজার বন্দি, মাদক-সংশ্লিষ্ট অপরাধে ৭৫ শতাংশ
একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার ৪১টি কারাগারে প্রায় ৯০ হাজার বন্দি রয়েছেন। তাদের মধ্যে আনুমানিক ৭৫ শতাংশ মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত।
তিনি বলেন, বন্দিদের বড় একটি অংশ বিপজ্জনক মাদক আইন, ১৯৫২-এর ১৫(১), ১২ ও ৩৯ ধারার আওতায় সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত বা আটক রয়েছেন। কেলান্তান রাজ্যের কোটা ভারুর পেঙ্গকালান চেপা কারাগার অতিরিক্ত বন্দির চাপে থাকা কারাগারগুলোর একটি।
বয়সভিত্তিক তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ থেকে ৩৯ বছর বয়সীরা বন্দিদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী। এমনকি ১৫ বছরের কম বয়সীদের মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টিও উদ্বেগজনক। বেকার ব্যক্তিদের মধ্যে মাদকের অপব্যবহারের প্রবণতা বেশি বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে কৃত্রিম মাদকের ব্যবহার বেশি। পশ্চিম উপকূলে কৃত্রিম ও অ-কৃত্রিম উভয় ধরনের মাদকের ব্যবহার রয়েছে। সহজলভ্যতার কারণে কৃত্রিম মাদকের ব্যবহার বাড়ছে।
সাইফুদ্দিন নাসুতিওন জানান, কেলান্তান, কেদাহ, পারলিস ও তেরেঙ্গানু রাজ্যে প্রতি এক লাখ জনসংখ্যার বিপরীতে মাদক-সংশ্লিষ্ট অপরাধের হার জাতীয় গড়ের চেয়ে বেশি। কেদাহর পেনদাং জেলায় এ হার সর্বোচ্চ এবং কেলান্তানের কুয়ালা ক্রাই দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া কেলান্তানের তুমপাত, তানাহ মেরাহ ও বাচোক এবং তেরেঙ্গানুর বেসুত জেলায় প্রতি এক লাখ জনসংখ্যার বিপরীতে এ হার এক হাজারের বেশি।
তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে মাদক প্রতিরোধ ও আইন প্রয়োগের কার্যক্রম আরও লক্ষ্যভিত্তিক করা হবে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় মাদকবিরোধী সংস্থা, পুলিশ ও রাজ্য সরকারগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।
মালয়েশিয়ায় একদিকে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, অন্যদিকে আটক ব্যক্তিদের রাখার অবকাঠামো এবং কারাগারে অতিরিক্ত বন্দির চাপ সামাল দেওয়া কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

