অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

এর আগে রোববার রাতে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বিএনপির অনেক নেতাকর্মীকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করতে দেখা যায়। তবে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে তিনি ওই খবরের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
অস্ত্র হাতে অভিযান নিয়ে বিতর্ক
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে রাজধানীর গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেন ইশরাক হোসেন। এর একটি ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।
প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। স্থানীয় ডিসিকে বলা হয়েছে, তিনি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।’
পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালানোর ঘোষণা
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
তিনি লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। পোস্টে তাঁর বক্তব্য ছিল, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে পদ ছাড়েন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় তাঁর নাম আলোচনায় আসার পর তিনি পদ ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। র

