
মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত তিন শতাধিক বাংলাদেশিকে পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের জন্য গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়।
পেনাংয়ের জর্জ টাউনে অবস্থিত এনবিএল রেমিট্যান্স হাউসে এ ক্যাম্প পরিচালিত হয়। এতে ই-পাসপোর্ট নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসংক্রান্ত সেবা দেওয়া হয়।
বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ক্যাম্পে দায়িত্ব পালন করে। ই-পাসপোর্ট সেবার পাশাপাশি প্রবাসীদের ভ্রমণ অনুমতিপত্র, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
পেনাংয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে কনস্যুলার সেবা সহজে পৌঁছে দেওয়া এবং পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্প চলাকালে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অনিয়মিত অভিবাসন এড়িয়ে চলা এবং দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রবাসীদের পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা সহজলভ্য করার পাশাপাশি আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

