সীমান্তপারের অপরাধ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, অর্থ পাচার ও মানব পাচারের মতো ক্রমবর্ধমান জটিল অপরাধ দমনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেবে দেশটি। আগামী ২০ ও ২১ অক্টোবর ফিলিপাইনের মাকাতি শহরে অনুষ্ঠিতব্য সীমান্তপারের অপরাধ বিষয়ক আসিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীদের ২০তম সম্মেলনে (এএমএমটিসি) মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীর।

সম্মেলনে মালয়েশিয়ার প্রধান লক্ষ্য থাকবে, সীমান্তপারের অপরাধী চক্রের বিরুদ্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত কার্যক্রম আরও শক্তিশালী করা। বিশেষ করে অনলাইন প্রতারণা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়, জাতীয় প্রতারণা মোকাবিলা কেন্দ্রের (এনএসআরসি) ভূমিকা জোরদার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
আজ সোমবার মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধের ধরন ও কার্যক্রম ক্রমেই জটিল হয়ে উঠছে। অপরাধীরা এখন এক দেশের সীমানায় সীমাবদ্ধ না থেকে একাধিক দেশের নেটওয়ার্ক ব্যবহার করছে। ফলে এসব অপরাধ কার্যকরভাবে দমনে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে।

সম্মেলনের পাশাপাশি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আসিয়ানের কৌশলগত অংশীদার দেশগুলোর সঙ্গে পরামর্শমূলক বৈঠকেও অংশ নেবে মালয়েশিয়া। এছাড়া ত্রয়োদশ চীন-এএমএমটিসি প্লাস সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবে দেশটি।
মালয়েশিয়ার মাদানি সরকারের অবস্থান তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো এবং মালয়েশিয়া ও আসিয়ান অঞ্চলকে নিরাপদ, স্থিতিশীল ও সুরক্ষিত রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, সীমান্তপারের অপরাধ দমনে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে অনলাইন প্রতারণা, অর্থ পাচার ও মানব পাচারের মতো অপরাধী চক্রের কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ করা সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

