বার্সেলোনা ছেড়েছেন পাঁচ বছর আগে। তবে কাতালান ক্লাবটির প্রতি ভালোবাসা এখনো অটুট লিওনেল মেসির। বার্সেলোনাকে নিজের প্রাণের ক্লাব মনে করেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির সঙ্গে নিজের গভীর সম্পর্ক, সোনালি দিনের স্মৃতি ও প্রয়াত বাবা হোর্হে মেসির কথা তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লেস পুয়োলদের সঙ্গে গড়ে তুলেছিলেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল অধ্যায়। তবে সেই সময়ের স্মৃতি শুধু ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সতীর্থদের সঙ্গে অনুশীলন ও প্রতিদিনের সময় কাটানোও তার কাছে সমান মূল্যবান।
স্মৃতিচারণ করে মেসি বলেন, ‘সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল আমাদের। যেভাবে সেসব অর্জন করেছিলাম, সেটিও ছিল বিশেষ কিছু। আমরা মাঠে নামতে, জিততে এবং গুরুত্বপূর্ণ সাফল্য পেতে ভালোবাসতাম। তবে সবচেয়ে বেশি উপভোগ করতাম প্রতিদিনের সময়গুলো, বিশেষ করে অনুশীলন। সতীর্থদের সঙ্গে আমাদের সময়টা দারুণ কাটত।’
দুই মৌসুম পিএসজিতে কাটিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। তবে ক্লাব বদলালেও বার্সেলোনার প্রতি তার ভালোবাসা কমেনি। শহরটির সঙ্গে নিজের সম্পর্ক যে শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়, সেটিও স্পষ্ট করেছেন তিনি। বার্সেলোনায় তার তিন সন্তানের জন্ম হওয়ায় শহরটি তার জীবনে বিশেষ জায়গা জুড়ে রয়েছে।
সাক্ষাৎকারে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতিও তুলে ধরেন মেসি। তার কাছে বিশ্বকাপ জয় ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করা গোলগুলোকে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ গোল হিসেবে বিবেচনা করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও এল ক্লাসিকোয় করা স্মরণীয় গোলগুলোর পাশেই থাকবে বিশ্বকাপ ফাইনালের গোলগুলো।
এ সময় প্রয়াত বাবা হোর্হে মেসির কথাও স্মরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পাওয়ার খবরে তার বাবা ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। ব্যস্ত সূচি সত্ত্বেও ছেলেকে স্পেনের ওভিয়েদোয় গিয়ে পুরস্কার গ্রহণ করতে উৎসাহ দিয়েছিলেন তিনি।
বাবার দেওয়া উপদেশও আজও মনে রেখেছেন মেসি। ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার সেই শিক্ষা তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেসির ভাষায়, ‘কখনো চেষ্টা বন্ধ করবে না। বাবা সব সময় বলতেন, বল পায়ে নাও এবং চেষ্টা করো। সফল হও কিংবা ব্যর্থ, সেই মুহূর্তে আটকে থেকো না। কারণ আবার চেষ্টা করার সুযোগ সব সময়ই আসে।’

