মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়াতে পরিচালিত আর্টস, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের (এসিএলপি) কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) ও এসিএলপির প্রতিনিধিরা কর্মসূচির গত চার মাসের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) ফিরোজ রব্বানী ও ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) ফাল্গুনী বাগচী উপস্থিত ছিলেন। এমবিএফএর সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার, সদস্যকল্যাণবিষয়ক দায়িত্বপ্রাপ্ত ও এসিএলপির আহ্বায়ক মাহফুজ কায়সার অপু, যুগ্ম আহ্বায়ক মুশফিক আহমেদ চৌধুরী এবং এমবিএফএর জনসংযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত ফরহাদ হোসেন সভায় অংশ নেন। এ সময় কর্মসূচির অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন হাইকমিশনারের কাছে উপস্থাপন করা হয়।
২০২৬ সালের ৭ জুন কুয়ালালামপুরের সেতিয়াওয়াংসায় আনুষ্ঠানিকভাবে এসিএলপির কার্যক্রম শুরু হয়। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের মাতৃভাষা, জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করে তোলা এবং বাংলাদেশের সঙ্গে তাদের আত্মিক বন্ধন দৃঢ় করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রাথমিক পর্যায়ে শিশু-কিশোরদের জন্য বাংলা ভাষা শিক্ষা, পবিত্র আল-কোরআন শিক্ষা, চিত্রাঙ্কন, নৃত্য ও সংগীতের কার্যক্রম চালু করা হয়। পরবর্তী সময়ে প্রবাসী বাংলাদেশিদের বহুমুখী শিক্ষাগত ও পেশাগত চাহিদা বিবেচনায় নিয়ে কর্মসূচির পরিধি সম্প্রসারণ করা হয়েছে।
সম্প্রসারিত কার্যক্রমের অংশ হিসেবে চালু হয়েছে মালয় ভাষা শিক্ষা কোর্স। এর মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এ ছাড়া উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষার্থী ও গবেষকদের জন্য গবেষণাপদ্ধতিবিষয়ক কর্মসূচি চালু করা হয়েছে। মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণাপদ্ধতি, গবেষণাপত্র লেখা, তথ্যসূত্র ব্যবস্থাপনা ও একাডেমিক প্রকাশনায় দক্ষতা বাড়াতে এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রাপ্তবয়স্কদের ধর্মীয় শিক্ষার চাহিদা বিবেচনায় শুদ্ধ উচ্চারণ, তাজবিদ ও সাবলীলভাবে পবিত্র আল-কোরআন তিলাওয়াত শেখানোর কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশি অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে এমবিএফএ স্কুল প্রতিষ্ঠার সম্ভাবনা ও প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন প্রতিনিধিরা।
তাঁদের মতে, মালয়েশিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের জন্য এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মাতৃভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ চর্চার সুযোগ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস, জাতীয় পরিচয় ও নিজস্ব শিকড় সম্পর্কে নতুন প্রজন্মের সচেতনতা তৈরিতেও এটি ভূমিকা রাখতে পারে।
প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা অনেক শিশুর দৈনন্দিন জীবনে বাংলা ভাষার ব্যবহার সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ বাস্তবতায় ভাষা শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন প্রতিনিধিরা।
এসিএলপির কার্যক্রমের প্রশংসা করে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত রাখার এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মসূচিটির সম্প্রসারণ প্রবাসী জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি এসিএলপির কার্যক্রম সুষ্ঠু ও ধারাবাহিকভাবে পরিচালনা, এর পরিধি বাড়ানো এবং আরও বেশি প্রবাসী বাংলাদেশির কাছে শিক্ষামূলক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সভায় কর্মসূচির অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়।
মতবিনিময় সভা শেষে হাইকমিশনারের উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবিএফএ ও এসিএলপির প্রতিনিধিরা। তাঁদের প্রত্যাশা, হাইকমিশনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসিএলপি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভাষা-সংস্কৃতি চর্চা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও বিস্তৃত হবে।

