অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ইউরোপের দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার ‘ই’ টায়ারের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন পাভেল হাসান। তাঁর জোড়া গোলে বাংলাদেশের জয় আরও নিশ্চিত হয়। পাভেলের দুই গোলের মাঝে ৩৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান শিবাক কুমার মালি। এর আগে ২৪ মিনিটে গোল করেন পাভেল। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
শেষ পর্যন্ত মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছিল। পঞ্চম স্থানে থাকা ৩২টি দলকে নিয়ে চলছে ‘ই’ টায়ারের নকআউট পর্ব। এই পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

