ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের (স্থান নির্ধারণী) ফাইনালে জেতা হলো না বাংলাদেশের। শিরোপা নির্ধারণী ম্যাচে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা।
শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। প্রথমার্ধেই বাংলাদেশের জালে চারবার বল পাঠায় তারা।
ম্যাচের ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মোহি। এর আগে ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে আরেকটি গোল করেন পেনেল। অন্যদিকে, ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন তাকিব। তবে ব্যবধান আর কমাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কোয়ালিফিকেশন রাউন্ড দিয়ে। সেখানে পাঁচ ম্যাচের একটিতে জয় ও দুটিতে ড্র করে পাঁচ পয়েন্ট অর্জন করে দলটি। এর সুবাদে মূল পর্বের ‘ই’ টায়ারে জায়গা করে নেয় বাংলাদেশ।
এই পর্যায়ে অবশ্য দারুণ লড়াই করেছে বাংলাদেশের কিশোররা। নকআউট পর্বে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এরপর মন্টিনিগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।
তবে শেষ ধাপে এসে আর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে ‘ই’ টায়ারে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশের কিশোরদের। শিরোপা জিততে না পারলেও নকআউট পর্বে তাদের লড়াকু পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

