এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২% এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। খবরটি শোনার পর থেকেই সারাদেশে এক অদ্ভুত নীরবতা। অনেক অভিভাবক হতাশ, অনেক শিক্ষার্থীর চোখে জল। পরীক্ষার ফলাফল নিয়ে বুনে রাখা হাজারও স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু এই ফলাফলকে যদি শুধু সংখ্যা দিয়ে বিচার করা হয়, তবে ভুল হবে। এই ফলাফল আসলে সকলের জন্য একটি শিক্ষা, এতে আমাদের গত পাঁচ বছরের শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটি বিপর্যয় নয়, এটি বাস্তবতায় যাওয়ার পথ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চিত্র আরও স্পষ্ট এবং আরও হৃদয়বিদারক। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭%, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের ৯৯ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ১৩০ জন। অর্থাৎ, জিপিএ-৫ অর্ধেকেরও বেশি কমে গেছে। এই পরিসংখ্যানের পেছনে শুধু পড়াশোনা নয়, রয়েছে বন্যা, করোনার দীর্ঘ ছায়া, মোবাইল আসক্তি এবং একটি প্রজন্মের মানসিক লড়াই।
২০২০ সালের করোনা মহামারি যখন সারা বিশ্বকে থামিয়ে দিল, তখন আমাদের শিক্ষা ব্যবস্থাও থেমে গেল। ঘরের মধ্যেই শিক্ষার্থীরা বন্দী। প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইন ক্লাসের নামে নামমাত্র ক্লাস, ইউটিউবে রেকর্ডেড লেকচার। পরীক্ষা ছাড়াই পাস, যা ‘অটোপাস’ নামে পরিচিত শব্দ। তখন মনে হয়েছিল, সরকার আমাদের বাঁচিয়ে দিলো। আসলে বাঁচায়নি, বরং দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে দিয়েছে – যা শিক্ষার্থীদের জন্য কোন কল্যাণ নিয়ে আসেনি। শিক্ষার্থীরা ভুলে গিয়েছিল, বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করে পরীক্ষার হলে বসতে হয়। তখন একজন শিক্ষার্থী শত শত শিক্ষার্থীর মাঝে নিজের যোগ্যতায় উত্তীর্ণ হয়, যা আজ ২০২৬ সালে এসেও সেই করোনার অভিশপ্ত রুপ ‘অটোপাস’ হিসেবে দেখা দিচ্ছে। যেই অটোপাস আসলে শিক্ষার্থীদের পায়ের নিচের মাটিকে নরম করে দিয়েছিল।
যে শিক্ষার্থী ২০২১ সালে শর্ট সিলেবাসে বা অটোপাস নিয়ে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠেছে, যে শিক্ষার্থী ২০২৩ সালে এসএসসি দিয়েছে অর্ধেক সিলেবাসে, সে যখন ২০২৪ সালে কলেজে ভর্তি হলো, তখন সে হঠাৎ করেই এক বিশাল সিলেবাস ও পড়াশোনার সমুদ্রে পড়ে গেল। কলেজের পড়া, বিশাল সিলেবাস, প্রতিদিনের পড়া -প্রতিদিন ক্লাস এগুলোর সাথে সে অভ্যস্তই ছিল না। তার পড়ার টেবিলের অভ্যাস, সময় মেনে চলার অভ্যাস, পরীক্ষার হলে তিন ঘণ্টা বসে লেখার অভ্যাস – সবকিছুই তার কাছে কঠিন। করোনা নষ্ট করে দিয়েছে তার গড়ে উঠা সুন্দর অভ্যাস।
শিক্ষার্থীদের আরেকটি বড় ক্ষতির কারণ মোবাইল আসক্তি এবং সময় অপচয়। দীর্ঘদিন ঘরে বসে থাকার কারণে ফেসবুক, টিকটক, ইউটিউব, গেম – এগুলোই হয়ে উঠেছিল আসক্তি। এখন একজন শিক্ষার্থী দিনে গড়ে ছয় থেকে সাত ঘণ্টা মোবাইল ফোনে থাকে। রাতের দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল চালিয়ে সকালে ক্লাসে যায়। সেখানে গিয়েও অমনোযোগী। পড়ার টেবিলে ১০ মিনিট বসার পর পরই হাতে মোবাইল নেয়। একটি টপিক শেষ করতে ৩০ মিনিট লাগার কথা, সেখানে তিন ঘণ্টা লেগে যায়। পড়ার মনোযোগ থাকে না, ধৈর্য কমে গেছে। অস্থির মানসিকতা হয়ে যায়। এটা বাস্তবতা।
এর সাথে যোগ হয়েছে হঠাৎ পড়াশোনায় কঠোরতা। গত দুই বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে – অতীত থেকে বাস্তবতায় ফেরা। শর্ট সিলেবাস বাতিল করে পূর্ণ সিলেবাস, ১০০ নম্বরের পরীক্ষা এবং খাতা মূল্যায়নে কঠোরতা ও জবাবদিহিতা। অনেক শিক্ষার্থী বলছে, আমরা তো অটোপাসে অভ্যস্ত, হঠাৎ এতো কঠোর কেন? এই প্রশ্নটি স্বাভাবিক। কিন্তু এই কঠোরতা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা আবারও ৮৫% বা ৯০% পাসের বন্যা বইয়ে দিতাম, সেটা আবারও নিজেদের সাথে চরম প্রতারণা হতো। একটি দুর্বল, ভিত্তিহীন প্রজন্মকে সার্টিফিকেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠালে সেই বিশ্ববিদ্যালয় থেকে কী বের হতো? আজকের চাকরির বাজারে, বিশ্ব প্রতিযোগিতায় তারা কীভাবে টিকতো! তাই এই ৫২% পাসের হার ইতিবাচকভাবে আসলে আমাদের শিক্ষার মানকে রক্ষা করার একটি প্রচেষ্টা হিসেবেও ধরে নিতে পারি। এটি বলে দিচ্ছে, ফাঁকি দিয়ে আর পার পাওয়া যাবে না, পড়তেই হবে। পরিশ্রম করতেই হবে। এর কোন বিকল্প নেই। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হবে, কারণ এবার খাতা দেখায় কোনো নম্বর বাড়িয়ে দেওয়া হয়নি, নিরপেক্ষ মূল্যায়ন হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এমন পদক্ষেপ আরো বৃদ্ধি হোক – এটাই প্রত্যাশা।
চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের বন্যা মোকাবেলা
বন্যা এবং পরীক্ষা পেছানোর বিস্তারিত গল্পটি খুবই করুণ এবং হৃদয়বিদারক। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। সারাদেশে লিখিত পরীক্ষা ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে চট্রগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যা দেখা দেয়। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বহু স্কুল-কলেজ আশ্রয় কেন্দ্রে পরিণত হয়। অনেক শিক্ষার্থীর বই-খাতা, নোট, সার্টিফিকেট পানিতে ভেসে যায়। রাঙামাটির বাঘাইছড়ি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের অনেক শিক্ষার্থী ঘর-বাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে ছিল। এ কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত পরীক্ষা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

যে শিক্ষার্থী পাহাড়ি অঞ্চলে একটি প্রত্যন্ত গ্রামে থাকে, তার ঘর ডুবে গেছে, তার পরিবার আশ্রয় কেন্দ্রে, সে কীভাবে পরীক্ষা দেবে? অথচ তাকে পরীক্ষা দিতে হয়েছে। তাই চট্টগ্রামে পাসের হার কমার পেছনে শুধু পড়াশোনার ঘাটতি নয়, প্রকৃতির সাথেও শিক্ষার্থীদের কঠিন লড়াই করতে হয়েছে। খাগড়াছড়িতে পাসের হার ২৯.৮৫% এবং রাঙামাটিতে ৩৩.২৪%, যেখানে চট্টগ্রাম শহরে ৬৬.২০%। এই পার্থক্যের একমাত্র কারণ বিশেষ করে, দুর্যোগের বড়ো প্রভাব । তারপরও এই প্রতিকূলতার মধ্যে যে ৫০ হাজার শিক্ষার্থী পাস করেছে, তারা প্রত্যেকেই বন্যা ও জলবদ্ধতার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, বিবেচনা করলে দেখতে পায়, আমাদের দেশ এখন একটি কঠিন সময় পার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা, কর্মসংস্থানের অভাব – সবকিছুই পরিবারের উপর চাপ তৈরি করছে। অনেক বাবা-মা সারাদিন কাজ করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় সন্তানের জন্য প্রাইভেট টিউটর, কোচিং, নোট বই কেনা অনেক পরিবারের জন্য কষ্টকর। অনেক শিক্ষার্থী নিজেই টিউশনি করে নিজের পড়ার খরচ চালাচ্ছে, পরিবারকে সাপোর্ট করছে। এই মানসিক চাপ নিয়ে তাদের পড়াশোনা চলাতে হয়। তাই পড়াশোনায় কম সময় দিতে পারে। ফলে পরীক্ষার ফলাফল খারাপ হলে শুধু শিক্ষার্থীকে দোষ না দিয়ে তার পারিপার্শ্বিক অবস্থাটাও বোঝা জরুরি।
পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা
শিক্ষার এই মহাসংকট থেকে উঠে আসতে হলে উভয়ের একসাথে কাজ করতে হবে। প্রথমত, শিক্ষার্থীর দায়িত্ব পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা। মাথায় নিতে হবে অটোপাসের দিন শেষ। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনার বিকল্প নেই। প্রথম কাজ মোবাইলকে নিয়ন্ত্রণ করা। পড়ার সময় মোবাইল দূরে রাখা। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা। ফেসবুকে একটি সুন্দর নোট শেয়ার করার চেয়ে খাতায় একটি সুন্দর নোট লেখা অনেক বেশি কার্যকর। গ্রুপ স্টাডি করা, বন্ধুদের সাথে পড়াশোনার নানা টপিক নিয়ে আলোচনা করা। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, তুমি ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর মধ্যে একজন, যে করোনার অভিশপ্ত অটোপাস, বন্যার জলাবদ্ধতা ও কঠোর প্রশ্ন – সবকিছু পেরিয়ে পরীক্ষার হলে বসেছো। ইতিমধ্যেই জয়ী। যারা এবার ভালো করেনি, তারা ভেঙে পড়ার কোন কারণ নেই। জীবন এখানেই শেষ নয়। পরীক্ষার এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে আরও শক্ত হওয়া জরুরি।
দ্বিতীয়ত, অভিভাবকের দায়িত্ব হলো শাসক নয়, বন্ধু হওয়া। সন্তানের এখন সবচেয়ে বেশি আপনার সহানুভূতি প্রয়োজন। আজকের অপত্যশিত ফলাফলের পর সন্তানকে বকা না দেওয়া। অন্যের সাথে তুলনা না করা। তাকে জিজ্ঞেস করা উচিত, তোমার কী অসুবিধা হয়েছিল। তার কথা শুনে তাকে জিপিএ-৫ পাওয়ার মেশিন না মনে করে একজন ভালো মানুষ হতে সহযোগিতা করা। তার জন্য একটি শান্ত, নিরিবিলি পড়ার পরিবেশ তৈরি করে দেওয়া। তার মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা। “আবারও চেষ্টায় হয়তো একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।”
তৃতীয়ত, আমাদের শিক্ষক এবং সরকারের উচিত শিক্ষা প্রতিষ্ঠানকে এখন শুধু সিলেবাস শেষ করার মেশিন না বানানো। তাদের হতে হবে কাউন্সেলিং সেন্টার। করোনা প্রজন্মের ঘাটতি পূরণে বিশেষ কোর্স, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস চালু করা। শিক্ষকদের আরও প্রশিক্ষিত হওয়া, যাতে তারা মুখস্থ বিদ্যার বদলে বুঝে পড়াতে পারেন। আর সরকারকেও দায়িত্ব নিতে হবে। যেমন, অটোপাস দেওয়ার পর সেই শিক্ষার্থীর ঘাটতি পূরণে কোনো কোর্স নেওয়া হয়নি। হঠাৎ কঠোরতা ধীরে ধীরে আনা উচিত ছিল। চট্টগ্রামে প্রতি বছর বন্যা হয়, কিন্তু এখনো বন্যা সহনশীল পরীক্ষা কেন্দ্র, বিকল্প রুটিন, ক্ষতিগ্রস্তদের জন্য আগাম বৃত্তির ব্যবস্থা নেই। একটি দেশে ২৯৩টি কলেজে একজনও পাস করবে না, আবার ১৩৯টিতে শতভাগ পাস করবে, এটা বৈষম্য। এই কলেজগুলো কীভাবে অনুমোদন পেলো, সেখানে শিক্ষক আছে কিনা, সরকারের মনিটরিং কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর কে দিবে? তবে আশা রাখা যায়, সরকার এবার প্রথমবারের মতো মানবিক সিদ্ধান্ত নিয়েছে। মোট ফেল করা ৫ লাখ ৯৪ হাজারের মধ্যে যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, সেই ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক বছর অপেক্ষা না করিয়ে ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তারা শুধু ফেল করা বিষয়ে পরীক্ষা দেবে। এছাড়া ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
সকলের বুঝতে হবে জিপিএ-৫ সব নয়, স্কিলই ভবিষ্যৎ। আজকের বিশ্বে চাকরি দেয় দক্ষতা দেখে, সার্টিফিকেট দেখে নয়। একজন জিপিএ-৫ পাওয়া ছাত্র যদি ইংরেজিতে একটি ইমেইল লিখতে না পারে, তবে তার কোনো মূল্য নেই। আবার একজন কম জিপিএ পাওয়া শিক্ষার্থী যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইংরেজিতে কথা বলা পারে, তবে তার কাজের অভাব হবে না। তাই প্রযুক্তিকে শত্রু না ভেবে বন্ধু বানানো উচিত। মোবাইলের অপব্যবহার বন্ধ করে, সঠিক উপায়ে কাজে লাগানো উচিত। প্রযুক্তি ডুবাতেও পারে, ভাসাতেও পারে।

লেখক: মহিমা জান্নাত, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

