রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পোশাকশ্রমিকেরা সোমবারও সড়কে নামার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশের সদস্যরা মাঠে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া এই অসন্তোষ রোববার (১ নভেম্বর) প্রকাশ্যে রূপ নেয়। এদিন শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কে নেমে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটে। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নিলে আন্দোলনকারীরা সরে যেতে বাধ্য হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জানান, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেছিলেন। মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

