যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়া, জালিয়াতির মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন এবং নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। অভিযুক্তদের মধ্যে চারজনকে অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এসব অভিযোগ আনা হয়েছে।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার বিভাগ জানায়, মামলাগুলোর মধ্যে রয়েছে মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিদের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ। এ ছাড়া ভোটার হিসেবে নিবন্ধন বা ভোট দেওয়ার ক্ষেত্রে মার্কিন নাগরিকত্ব সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া এবং অন্য অঙ্গরাজ্যে প্রতারণার মাধ্যমে ভোটার নিবন্ধনের আবেদন জমা দেওয়ার অভিযোগও রয়েছে।
অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ভোট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বৃদ্ধি। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনরুদ্ধারে ভোটসংক্রান্ত জালিয়াতির তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রাখবে বিচার বিভাগ।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ নয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে ১৯৫ জন অ-মার্কিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ ভোটদান ও ভোটার নিবন্ধনসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটসংক্রান্ত জালিয়াতির অভিযোগে মোট ২৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছে বিভাগটি।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ হাচিবুর রহমানের নাম। বিচার বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ বছর বয়সী রহমানের বিরুদ্ধে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছিলেন।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত বিচারিক নিষ্পত্তির কোনো তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তাই আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।
বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে জর্জিয়া, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, নিউ জার্সি, নেভাডা, পেনসিলভানিয়া ও উইসকনসিনসহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং ফেডারেল বিচারিক এলাকার মামলার বিবরণ তুলে ধরা হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে মার্কিন নাগরিকত্বের মিথ্যা দাবি করে ভোটার নিবন্ধন, ফেডারেল নির্বাচনে ভোট দেওয়া, ভোটার নিবন্ধনসংক্রান্ত নথিতে ভুল তথ্য দেওয়া এবং নাগরিকত্ব পাওয়ার আবেদনে আগের ভোটদান বা ভোটার নিবন্ধনের তথ্য গোপন করা। কয়েকটি মামলায় একাধিক নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযুক্তদের মধ্যে কয়েকজন বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী। তবে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা থাকলেই ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় না।
বিচার বিভাগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, অভিযোগপত্র, ইন্ডাইটমেন্ট বা সংশ্লিষ্ট আইনি নথিতে উত্থাপিত অভিযোগ অপরাধ প্রমাণের সমতুল্য নয়। আদালতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে নির্দোষ বলে বিবেচনা করা হবে।

