যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং সংরক্ষণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বেলিনি কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটিংয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
হিলসবোরো কাউন্টির পাবলিক বুকিং রেকর্ড অনুযায়ী, গত ২৮ অক্টোবর ট্যাম্পা পুলিশ ডিপার্টমেন্ট (টিপিডি) তাঁকে গ্রেপ্তার করে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের নথিতে তাঁর বিরুদ্ধে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে মোট ১৩টি কাউন্ট উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর রাইয়ান আবদুল বাতেনকে ফ্লোরিডার ফাল্কেনবার্গ রোড জেলে পাঠানো হয়েছে। আদালতের প্রাথমিক নথিতে তাঁর বন্ডের অবস্থা ‘নো বন্ড’ হিসেবে উল্লেখ রয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট নথি অনুযায়ী, বর্তমানে তাঁর জন্য কোনো বন্ড নির্ধারিত নেই।
রাইয়ান আবদুল বাতেনের গ্রেপ্তারের খবর ঘিরে যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। তাঁর শিক্ষা জীবনের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০১৬ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এরপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে ২০১৮ সালে হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন বিষয়ে স্নাতকোত্তর এবং ২০২২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে সেরা পিএইচডি অভিসন্দর্ভের জন্য তিনি ‘এএএসি ওআই ট্রাস্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। সম্প্রতি তিনি ইউএসএফের একটি গবেষণাগারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, মামলার তদন্তের অগ্রগতি কিংবা জব্দ করা ডিজিটাল আলামত সম্পর্কে ট্যাম্পা পুলিশ বা সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযোগে গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রাইয়ান আবদুল বাতেন আইনত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।


