গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও নতুন করে মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একদল শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে সড়ক ও মহাসড়কের কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আজও বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে। অল্পসংখ্যক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীকেও মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।
এদিকে, গত কয়েক দিনের অব্যাহত শ্রমিক অসন্তোষের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার জসিম উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

