গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের শিল্পকারখানাগুলোতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। তবে অল্পসংখ্যক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকেও অবস্থান করতে দেখা গেছে।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়।
বুধবার আরও এক প্লাটুন বাড়িয়ে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুন সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তাঁদের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

