মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে আনুষ্ঠানিক কমিটি গঠন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মর্মান্তিক এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, কার্গো কন্টেইনার ইয়ার্ডে ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। তবে কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করেন জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকেরা।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে শ্রম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
শ্রমমন্ত্রী রেজা উতিম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে প্রতিষ্ঠানটিকে।

