প্রায় নয় কোটি বাস্তুচ্যূত মানুষ এখন খরা, বন্যা, ভয়ংকর গরমের মতো বিভিন্ন জলবায়ু সংক্রান্ত ঝুঁকির মধ্যে বাস করছেন বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আর এই নয় কোটি মানুষের চারভাগের তিনভাগ মানুষ বাস করেন বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলিতে। এই মানুষরা তাদের বাস্তু ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। তুরস্কে কপ৩১ জলবায়ু শীর্ষ বৈঠকের আগে এই রিপোর্টে বলা হয়েছে, এই মানুষরা যাতে জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য আরো বেশি অর্থসাহায্য দরকার।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্য দেশের বাস্তুচ্যূত মানুষরা ভয়ংকর ঝুঁকির মধ্যে আছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যূত মানুষদের বাড়িতে ফেরা কঠিন হয়ে গেছে। এর উপর তারা এখন যে জলবায়ু সংক্রান্ত ঝুঁকিতে আছেন, তার ফলে তাদের আবার বর্তমান জায়গা থেকেও অন্যত্র চলে যেতে পারেন। এতে আরও বলা হয়েছে, শরণার্থীরা পানি, বিদ্যুৎ সীমিতভাবে পায়। ফলে ভয়ংকর গরমের থেকে বাঁচা কঠিন হয়।
বুধবার জাতিসংঘের অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলি যাতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে, সেজন্য উন্নত দেশগুলির ৩০৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা। কিন্তু তারা অনেক কম অর্থ দিচ্ছে। যদিও এখন অনেক বেশি করে চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কবলে পড়ছে উন্নয়নশীল দেশগুলি।

