যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে রদবদলের অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জন অস্বীকার করেছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর এসেছে যে, হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য চাপ রয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় তাঁর ভূমিকার কারণে। রিপাবলিকানদের বড় ধরনের নির্বাচনী পরাজয়ের জন্য এই যুদ্ধকেও দায়ী করা হচ্ছে।

বিদায়ী একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহের মধ্যেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন ভোট আয়োজন করাতে বাধ্য করার হুমকি দিয়েছেন। এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী এক ভিডিও বার্তায় নিজের কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন এবং এই উদ্যোগের নিন্দা জানান। “দেখুন, তারা আমাকে আক্রমণ করে। তারা আমাদের আক্রমণ করে কারণ আমরা কাজ করতে সক্ষম,” তিনি বলেন, “এটা কাজ করবে না। আমরা পিছু হটবো না।”
এদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের পদ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করেছেন মার্কো রুবিও। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার হয়ে কাজ করা “সবসময়ই আমার পরিকল্পনা ছিল”। “আমি যে কাজ করছি, তা আমি ভালোবাসি,” রুবিও বলেন, “আর যখন তারা বলে যে তিনি চাকরি ছাড়তে যাচ্ছেন, তখন আমি সবসময় হেসে বলি, ‘কোনটা’?”
হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, দুই পক্ষই এই সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রুবিও সরে যেতে পারেন, এমন খবর নাকচ করে দিয়েছে। দুই পক্ষই একে “ভুয়া খবর” বলে উল্লেখ করেছে। তবে প্রতিরক্ষামন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি।

