প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বিকল্প পথে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের একটি চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পারমাণবিক জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।
এবার প্রচলিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর রুট ব্যবহার না করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া এবং পাকশীর লালন শাহ সেতু হয়ে ইউরেনিয়ামের চালান রূপপুরে নেওয়া হয়। ইউরেনিয়াম পরিবহনে এই বিকল্প রুট এর আগে কখনো ব্যবহার করা হয়নি।
ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত পুরো সড়কপথে গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ কাজে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ মোট পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম পরিবহনের ক্ষেত্রে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাত গাড়িবহর।
এ বিষয়ে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস জানান, গাজীপুরে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরই মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

