তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বড় করার আশা জাগিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সেই জুটি আর দীর্ঘ করতে পারেননি তিনি। জোমেল ওয়ারিক্যানের বলে ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ফলে ১২৪ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। ব্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। তাঁর বিদায়ে হৃদয়ের সঙ্গে ৭৩ রানের জুটির সমাপ্তি ঘটে।
মুশফিক ফিরলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। ১১০ বলে ৫টি চারে ৫০ রান নিয়ে অপরাজিত রয়েছেন তিনি।
মুশফিকের বিদায়ের পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। এখন হৃদয়ের সঙ্গে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব তাঁর।
এর আগে ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

