
কাতারের রাজধানী দোহায় ইরান ও কাতারের প্রতিনিধিদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো আলোচনা হয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করা হয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি।
দীর্ঘদিনের যুদ্ধ এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে এসব শর্ত দিয়েছে তেহরান। অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
তবে প্রণালি খুলে দেওয়ার উদ্যোগ চললেও জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। এর মাত্র দুই দিন আগে চলাচলের অনুমতি পাওয়া একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। জাহাজটি পাকিস্তানের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে যাচ্ছিল। এর নিরাপদ চলাচলের অনুমতি আদায়ে ভূমিকা রেখেছিল পাকিস্তান।
ব্লুমবার্গকে এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, গত ৩০ অক্টোবর হরমুজ প্রণালির কাছে কাতারের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’তে হামলার আগেই জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করেছিল পাকিস্তান। এর আগে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ সফল বলেই মনে হচ্ছিল। কারণ, একই প্রক্রিয়ায় ইরানের কাছ থেকে চলাচলের অনুমতি পাওয়া কয়েকটি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছিল।
তবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, ইরানও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে আল মায়েদায় হামলা পাকিস্তানের মধ্যস্থতার সীমাবদ্ধতা সামনে এনেছে। ঘটনাটি দেখিয়েছে, পাকিস্তান জাহাজ চলাচলের অনুমতি আদায় করতে পারলেও সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা দেশটির নেই। অর্থাৎ, চলাচলের অনুমতি পাওয়া আর নিরাপদে গন্তব্যে পৌঁছানো এক বিষয় নয়।
চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান। জুনে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক সইয়ের লক্ষ্যে আলোচনার আয়োজন করেছিল ইসলামাবাদ। এরপর অক্টোবরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দুইবার তেহরান সফর করেন। এসব উদ্যোগের পর পাকিস্তানের এক সামরিক মুখপাত্র দেশটির মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে ‘সতর্কভাবে আশাবাদী’ বলে মন্তব্য করেন। তবে একই সঙ্গে এ পথে থাকা বিভিন্ন বাধার বিষয়েও সতর্ক করেন তিনি।
চলমান আলোচনার আয়োজক দেশ কাতারও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং কোনো পক্ষকে সরাসরি হুমকি না দেওয়ার কারণেই পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে।
কিন্তু হরমুজ প্রণালির সংকট এখন আর শুধু আলোচনা বা সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে সবচেয়ে বড় প্রয়োজন জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের সক্ষমতা পাকিস্তানের নেই। কাতারের এলএনজিবাহী জাহাজ আল মায়েদায় হামলার ঘটনা বিষয়টি স্পষ্ট করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেলেও পরে সেটিতে হামলা হয়। এতে ইরানের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি। একই সঙ্গে পাকিস্তানও হামলাটি ঠেকাতে পারেনি।
তবে জাহাজটিতে হামলার জন্য এখনো কাউকে দায়ী করা হয়নি। কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। কাতার কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। গত অক্টোবরে সেখানে বিভিন্ন পক্ষের মধ্যে রেকর্ডসংখ্যক হামলার ঘটনা ঘটেছে। তেহরানও তাদের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত হামলার প্রমাণ আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাছে জমা দিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানের মধ্যস্থতায় চলাচলের অনুমতি পাওয়া জাহাজটিতে হামলার পেছনে এমন কোনো পক্ষ থাকতে পারে, যারা দুই দেশের আলোচনা ব্যাহত করতে চায়। তবে হামলার জন্য যে পক্ষই দায়ী হোক না কেন, এ ঘটনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন। দেশটির গ্যাসের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ হয় হরমুজ প্রণালি দিয়ে আমদানি করা এলএনজির মাধ্যমে। কিন্তু গত অক্টোবরে কাতার থেকে মাত্র দুটি এলএনজিবাহী জাহাজ পেয়েছে পাকিস্তান। অথচ গত বছরের একই সময়ে পেয়েছিল আটটি।
কাতারএনার্জি আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ‘ফোর্স মেজর’ বা অনিবার্য পরিস্থিতির ঘোষণা বাড়িয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে কেনা এলএনজির দাম চুক্তির দামের প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে হরমুজ প্রণালি অনিরাপদ থাকলে পাকিস্তানের জ্বালানি আমদানির ব্যয় আরও বাড়বে। এতে দেশটির অর্থনীতির পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালনও কঠিন হয়ে পড়বে।
এ পরিস্থিতিতে শুধু আলোচনার ওপর নির্ভর না করে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশগুলোকেও যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সৌদি আরব, তুরস্ক, কাতার ও মিশরকে নিয়ে একটি যৌথ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অনুমতি পাওয়া কোনো জাহাজে হামলা হলে সংশ্লিষ্ট পক্ষের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো সম্ভব হবে।
পাশাপাশি পাকিস্তানকে জ্বালানি আমদানির উৎসও বাড়াতে হবে। দেশটি এক বিলিয়ন ডলারের বেশি ব্যয়ে ১০টি এলএনজি কার্গো কেনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আজারবাইজান থেকে জ্বালানি আমদানির কথা ভাবছে। এতে খরচ কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমবে। পাকিস্তানের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের উচিত মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সব পক্ষকে পরিষ্কার ধারণা দেওয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনা চলছে, তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এ বিষয়ে তাঁর কোনো তাড়া নেই।
ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ তৈরি, আলোচনার আয়োজন এবং প্রস্তাব আদান-প্রদানে সহায়তা করতে পারে। কিন্তু সমুদ্রে কোনো পক্ষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা বা জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা তাদের নেই। তাই নিজেদের সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব নেওয়া হলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্যোগ ব্যর্থ হওয়ার দায়ও পাকিস্তানের ওপর আসতে পারে।
চলতি বছর কাতার, তুরস্ক, ওমান ও পাকিস্তানের মতো দেশগুলো আন্তর্জাতিক সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এসব দেশের সীমাবদ্ধতাও সামনে এসেছে। তারা আলোচনার পথ তৈরি করতে পারে, কিন্তু সব সময় চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে পারে না।
দোহায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। কিন্তু কাতারের এলএনজিবাহী জাহাজ আল মায়েদায় হামলার ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, শুধু আলোচনায় প্রতিশ্রুতি দিলেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এর জন্য প্রয়োজন কার্যকর নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা।
লেখক: গালিবা আনতারা সোয়ারা, শিক্ষার্থী, বাংলা বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

