সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলেছেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। খেলেছেন ২৪২ রানের হার না মানা এক ইনিংস। এক ডাবল সেঞ্চুরিতেই হৃদয় গড়েছেন একাধিক রেকর্ড।

টেস্ট ইতিহাসে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন হৃদয়ের। সিলেট টেস্টে হৃদয় করেছেন ২৪২ রান। তিনি ভেঙেছেন মুশফিকুর রহিমের রেকর্ড। ২০১৮ সালে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। 
মুমিনুল হকের একটি রেকর্ডও ভেঙেছেন হৃদয়। চার নম্বরে সর্বোচ্চ রানের ইনিংসও এখন হৃদয়ের। এর আগে, ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে চার নম্বরে নেমে ১৮১ রান করেছিলেন মুমিনুল।

গত জুনে জিম্বাবুয়ের হারারেতে টেস্টে অভিষেক হয় হৃদয়ের। অভিষেক ম্যাচটা ভালো যায়নি। এবার মিরপাুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসেই বাজেভাবে আউট হয়ে সমালোচিত হন।

তবে সিলেট টেস্টের প্রথম ইনিংসেই সব সমালোচনার জবাব দিলেন রেকর্ড গড়ে। ১৭১ বলে সেঞ্চুরি করা হৃদয় ডাবল সেঞ্চুরি করেন ৩০৪ বলে। বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন হৃদয়ের। এই রেকর্ড এর আগে ছিল মুমিনুক হকের। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে ১৮১ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
টেস্টের কোনো ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাকানোর রেকর্ডও এখনো হৃদয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরিতে ১১ ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের। ২০২৫ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচের একদিনে সর্বোচ্চ রান তোলার রেকর্ডও এখন হৃদয়ের। সিলেট টেস্টে শনিবার ২১৩ রান তুলেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টের একদিনে ২১২ রান তুলেছিলেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এতদিন ছিল মাহমুদুল হাসান জয়ের দখলে। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন জয়। হৃদয় সেই রেকর্ডও ভেঙেছেন।

