শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও চারটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সকালে কারখানাগুলোতে কাজে যোগ দিতে প্রবেশ করেন তারা। পরে শ্রমিকদের বিক্ষোভের মুখে একে একে ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পাশাপাশি আরও চারটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এদিকে, সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, সাভার শিল্পাঞ্চলে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। সেখানে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন।

