সেই চাপ সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বল দখলে রেখে বিল্ড আপ ফুটবল শুরু করে স্বাগতিকরা। সেটি কাজে লাগিয়ে সপ্তম মিনিটে প্রথমবার পাকিস্তানের গোলবারে শট নেয় বাংলাদেশ। তবে সেটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক। ম্যাচের ১৬ মিনিটে প্রতি আক্রমণে উঠেছিল বাংলাদেশ। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে বক্সের সামনে চলে গিয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোড়ালো শট নেন রাকিব হোসেন। তবে পাকিস্তানি ডিফেন্ডারের শরীরে লেগে দিক পরিবর্তন করে বাইরে চলে যায় সেটি।

দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। এর মাঝে ২২ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্ণার থেকে বল পান শমিত সোম। হেডে তিনি পাস দেন রাকিবকে। সেই বল পেয়ে দারুণ শট নেন রাকিব। দূরের পোস্টে তাঁর কোনাকুনি শট ঝাপিয়ে পড়েও আটকাতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক। তবে বাংলাদেশের কপাল পুড়ে গোলবারের বাঁধায়।

এর ৪ মিনিট পর আবারও পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়ায় বাংলাদেশ। এবার বল নিয়ে আক্রমণে উঠে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন ফারহান। তবে এবার পাকিস্তানের ডিফেন্ডারের গায়ে লেগে ব্লক হয়ে যায় সেটি।
ম্যাচের ৩২ মিনিটে কোনোমতে বেঁচে যায় বাংলাদেশ। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ। ছয় গজ বক্সের মধ্য থেকে টোকায় বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। সেটি আটকাতে পারেননি গোলরক্ষক শ্রাবণ। বাংলাদেশ বেঁচে যায় বল গোলবারে বাঁধা পেয়ে ফিরলে।
ম্যাচের ৪০ মিনিটে আরও একবার গোলের জন্য চেষ্টা করেছিল বাংলাদেশ। বক্সের বামপ্রান্তে বল পেয়েছিলেন শুকি ইতোফুসা। পাশে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভলি করেছিলেন তিনি। তবে বল চলে যায় ওপর দিয়ে। এরপর আর কোনো দলই সেভাবে আক্রমণ করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেও একই ধারায় খেলতে থাকে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে তৈরি করে গোলের সুযোগ। তবে ঠিক গোলটা আদায় করা হচ্ছিল না কোনো দলেরই। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পেয়েছিল পাকিস্তান। সেখান থেকে দারুণ শট নিয়েছিলেন আদিল নাবিল। তবে সেটি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।
কয়েকবার বাংলাদেশকে রক্ষা করা গোলরক্ষক শ্রাবণ সবচেয়ে বড় ভুলটা করে বসেন ৮৫ মিনিটে। গ্লাভস বন্দি করা বল তিনি থ্রো করেন পাকিস্তানি ফুটবলারদের কাছে। সেখান থেকে বক্সের মধ্যে পাস পেয়ে সেই বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন আব্দুল সামাদ। সেটি আটকানোর কোনো সুযোগই ছিল না শ্রাবণের।
এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বাংলাদেশ আর চেষ্টা করেও বাকি সময় ব্যবধান কমাতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে মেতে ওঠে পাকিস্তান। আর হতাশার ছাপ ফুঠে ওঠে বাংলাদেশের ফুটবলারদের মুখে। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক সমর্থকদের।