আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য বিভিন্ন দেশের হজ বিষয়ক কার্যালয়গুলোর সঙ্গে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। জেদ্দায় অনুষ্ঠিত ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর পার্শ্ববর্তী আয়োজনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সম্মেলনটি শেষ হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ, উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশাত এবং অংশগ্রহণকারী দেশগুলোর হজ বিষয়ক কার্যালয়ের প্রধানরা।

এই চুক্তিগুলোতে মন্ত্রণালয় ও হজ বিষয়ক কার্যালয়গুলোর মধ্যে সমন্বয় প্রক্রিয়া, মৌসুমের জন্য অনুমোদিত শর্তাবলি ও কার্যপদ্ধতি এবং হজ্ব যাত্রীদের সেবা প্রদান ও তাদের আগমন-প্রস্থান ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। এই চুক্তিগুলো স্বাক্ষরের আগে, ২০২৬ সালের হজ মৌসুমের শেষদিকে মন্ত্রণালয় থেকে হজ বিষয়ক কার্যালয়গুলোর কাছে একটি প্রস্তুতিমূলক নথিপত্র পাঠানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল আসন্ন মৌসুমের প্রস্তুতি শুরু করা, যাতে সংশ্লিষ্ট কার্যালয়গুলো চুক্তি সম্পাদনসহ বিভিন্ন নিয়ন্ত্রক, পরিচালনাগত ও সেবা সংক্রান্ত প্রয়োজনীয় কাজ আগেই সম্পন্ন করতে পারে।
প্রস্তুতির অংশ হিসেবে হজযাত্রীদের যাতায়াত সুশৃঙ্খল করার লক্ষ্যে তাদের পাঠানোর অগ্রাধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে ‘ই-পাথ’ (e-Path) প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ারলাইনসগুলোর সাথে সম্পাদিত চুক্তির নথিপত্র সম্পন্ন করার বিষয়টিও এই প্রস্তুতির অন্তর্ভুক্ত ছিল।

